পুঁজিবাজারের সেরা রিপোর্টারদের পুরস্কার দিবে ডিএসই
পুঁজিবাজার সেরা রিপোর্টারদের পুরস্কার দিবে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন। অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে রিপোর্টারদের উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হয়েছে। পত্রিকা, টিভি ও অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টারদের এ পুরস্কার দেওয়া হবে।
আজ বুধবার রাজধানীর সন্ধানী লাইফ ইন্সুরেন্স টাওয়ারে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের কো-অর্ডিনেশন কমিটির ১ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়েছে, ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত ও সম্প্রচারিত সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেওয়া হবে। সর্বাধিক একটি রিপোর্ট (প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রে প্রকাশিত মূল কপি ১টি সহ সর্বমোট ৭টি কপি এবং ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে সম্প্রচারিত ৭ টি সিডি) জমাদানের শেষ তারিখ আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। রিপোর্ট জমা দেওয়ার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জর জনসংযোগ ও প্রকাশনা বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে। উল্লেখিত সময়ে কোনো প্রতিবেদন যদি প্রকাশিত/ সম্প্রচারের জন্য অন্য কোনো প্রতিষ্ঠানে মনোনীত হয়ে থাকে, তবে তা প্রযোজ্য হবে না।
সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদক প্রণব সাহা।
এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ৭১ টিভির পরিচালক (নিউজ) সৈয়দ ইশতিয়াক রেজা, ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন, ইকোনোমিক রিপোটার্স ফোরামের সভাপতি সুলতান মাহমুদ, দৈনিক প্রথম আলোর অর্থনৈতিক সম্পাদক শওকত হোসেন মাসুম এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্ট ফোরামের সেক্রেটারি সারোয়ার আলম চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেশন কমিটির উপদেষ্টা ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম টিটু।


