সূচকে উত্থান লেনদেনও বেড়েছে
পতনের ধারা থেকে বের হয়েছে দেশের উভয় বাজার। সামান্য সূচক উত্থানে শেষ হয় দিনের লেনদেন। অবশ্য এসময়ে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে।
মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৮১ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৬৬৫.৪৩ পয়েন্টে। সোমবার সূচক কমেছিল ১১.২১ পয়েন্ট। সোমবারের তুলনায় লেনদেন বেড়েছে। মঙ্গলবার দিনশেষে লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ২৭ লাখ টাকা। কিন্তু সোমবার লেনদেন হয়েছিল ৫২৭ কোটি ১৪ লাখ টাকা।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২১টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।
লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার। দিনশেষে কোম্পানিটির ২২ কোটি ৫১ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিডি থাইয়ের লেনদেন হয়েছে ২০ কোটি ৪০ লাখ ৮৯ হাজার টাকা।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- বেক্সিমকো ফার্মা, ফার কেমিক্যাল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, এমারল্ড অয়েল, গোল্ডেন হার্ভেস্ট, আইটি কনসালটেন্টস, বেক্সিমকো ও কেডিএস এক্সেসরিজ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ১৯.৬৫ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৬৮৩.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৮ কোটি ১৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।


