চাঁদাবাজি ও মারধরের অভিযোগে ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক কর্মচারীর কাছে চাঁদা দাবি ও তাকে মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আকতারুল করিম রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের উপ-দফতর সম্পাদক ও বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।
সোমবার (২৬ জুলাই) দুপুরে ভুক্তভোগী মো. মনির হোসেন বাদী হয়ে মামলা করলে তাকে গ্রেফতার দেখায় শাহবাগ থানা পুলিশ। এর আগে, সকাল ৯টার দিকে ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে রুবেল ও তার সঙ্গীরা তাকে মারধর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ওয়ার্ড বয় মনির হোসেন ও তাঁর দুই সহকর্মী সকালে নাস্তা করতে হাসপাতাল থেকে আনন্দবাজার খাবার হোটেলের দিকে যাচ্ছিলেন। পথে হাসপাতালটির জরুরি বিভাগের সামনে পাকা রাস্তার ওপর ছাত্রলীগনেতা রুবেল ও তাঁর সহযোগীরা পথরোধ করে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাঁরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রুবেল ও তাঁর সহযোগী আসামিরা মনিরকে কাঠ ও রড নিয়ে হাত, পা, মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে সজোরে আঘাত করে এবং কিল, ঘুষি মারতে থাকেন৷ এ সময় মনিরের সহকর্মীরা তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে আসামিরা তাঁদেরকেও এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে কাঠ ও রড দিয়ে পিটিয়ে আঘাত করেন এবং কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজনসহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্মচারীরা এগিয়ে এসে আসামি আকতারুল করিম রুবেলকে আটক করতে সক্ষম হন। অপর আসামিরা পালিয়ে যান। পরবর্তী সময়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে রুবেলকে হেফাজতে নেয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ঘটনাস্থল থেকে আকতারুল করিম রুবেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ভুক্তভোগী মনির হোসেন চাঁদা দাবি ও হামলার অভিযোগ এনে মামলা দায়ের করেন। তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। মামলাটি তদন্তাধীন রয়েছে।


