দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে বিশিষ্টজনদের মিলন মেলা
এক বছর আগে ‘দায়িত্বশীল সাংবাদিকতা’র প্রতিশ্রুতি রেখে দেশ রূপান্তরের যাত্রা শুরু হয়েছিল। এই উপলক্ষে সোমবার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বসে ছিল রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের মিলন মেলা।
‘দায়িত্বশীল সাংবাদিকতা’র প্রতিশ্রুতি রেখে দেশ রূপান্তরের এক বছরের পথচলার উচ্ছ্বসিত প্রশংসা ছিল সবার মুখে। আগামীতে একই ধারা অক্ষুণ্ন রেখে এগিয়ে যাওয়ার উৎসাহও দিয়েছেন তারা।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে দেশ রূপান্তরের পৃষ্ঠপোষক রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, সম্পাদক অমিত হাবিব ও প্রকাশক মাহির আলী খাঁন রাতুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাসদ (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আশরাফুল আলম খোকন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফীন সিদ্দিক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান, বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভুইয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের সভাপতি ইকবাল আর্সালান, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, পুলিশের সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা সুচন্দা, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, অভিনেতা ফজলুর রহমান বাবু, সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ প্রমুখ।
গত ২০১৮ সালের ২০ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। এক বছরেই পাঠকের মধ্যে সাড়া ফেলতে সমর্থ হয় পত্রিকাটি। পাঠক জনপ্রিয়তায় ষষ্ঠ অবস্থানে উঠে আসে প্রতিশ্রুতিশীল দৈনিকটি।


