English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯ ০৮:৫০
সূত্র:

রাজধানীর যানজটে বছরে ক্ষতি ৪২ হাজার কোটি টাকা

রাজধানীর যানজটে বছরে ক্ষতি ৪২ হাজার কোটি টাকা

রাজধানীতে যানজটের ফলে অর্থনীতির যে ক্ষতি হচ্ছে তার পরিমাণ বছরে ৩ থেকে ৫ বিলিয়ন ডলারের সমপরিমাণ। টাকার অঙ্কে যার পরিমাণ ২৫ হাজার ৫০০ কোটি টাকা থেকে ৪২ হাজার ৫০০ কোটি টাকা।

বিশ্বব্যাংকের হিসাব বলছে, দেশের অর্থনীতির ৩৬ শতাংশ এই ঢাকা কেন্দ্রিক। কিন্তু প্রতিদিনের যানজটের কারণে সাধারণ মানুষের ৯ হাজার কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে। ঢাকায় চলাচলরত যানবাহন ঘণ্টায় যেতে পারে মাত্র ৬ দশমিক ৪ কিলোমিটার। অথচ হেঁটেই পথ চলা যায় ঘণ্টায় ৫ কিলোমিটার।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা মহানগরকে বাসযোগ্য, সমৃদ্ধ এবং প্রাণবন্ত মেগাসিটিতে রূপান্তর বিষয়ে এক সেমিনারের আয়োজন করে বিশ্বব্যাংক। এতে বিভিন্ন সেশনে অংশ নেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিম, ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টিমবন, রাজউক চেয়ারম্যান সুলতান আহমেদ, ওয়াসার এমডি তাকসিম এ খান। সঞ্চালনা করেন ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

সেমিনারের শুরুতে বিশ্বব্যাংকের পরিচালক জন রোম তার উপস্থাপনায় উল্লেখ করেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে ঢাকা বিশ্বের চতুর্থ দূষণের নগরিতে পরিণত হয়েছে। বাসযোগ্যতার বিচারে ঢাকা এখন দামেস্ক এবং লাগোসের পরেই অবস্থান করছে। এই শহরে প্রতিদিন ৬ হাজার টন গৃহস্থলি বর্জ্য তৈরি হয়, যার মধ্যে ৪ হাজার টন সংগ্রহ করা হয়। মাত্র ৩-৪ শতাংশ জলীয় বর্জ্য শোধন করা সম্ভব হয়। তবে এই শহরের যে অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে সেটি এখনো পুরোপুরি ব্যবহার করা সম্ভব হয়নি। ঢাকাকে আধুনিক মেগাসিটিতে রূপান্তর করতে এখনই উদ্যোগ নিতে হবে।