English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮ ১১:১১

এবার আগারগাঁওয়ে দৃশ্যমান হওয়ার পথে মেট্রোরেল

অনলাইন ডেস্ক
এবার আগারগাঁওয়ে দৃশ্যমান হওয়ার পথে মেট্রোরেল

চলতি মাসেই রাজধানীর আগারগাঁওয়ে দৃশ্যমান হবে মেট্রোরেলের আরও একটি অংশ। এতে উত্তরার দিয়াবাড়ির প্রথম ভায়াডাক্টসহ মোট ৬০ মিটার অংশ প্রস্তুত হবে। যার ওপর ট্রেন চলাচলের জন্য বসতে শুরু করবে রেললাইনও। ভায়াডাক্ট বসানোর কাজ দ্রুত হলেও দোতালা স্টেশনের অবকাঠামো তৈরিকেই প্রকল্পের মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

নির্মাণকাজ শুরুর ২ বছর পর পিলারের ওপর প্রথম ভায়াডাক্ট বসেছে আরও দুই সপ্তাহ আগে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে গেলে দেখা যাবে মেট্রোরেলের বাস্তব দৃশ্য। ৩০ মিটার দৈর্ঘ্যের এমন ভায়াডাক্টগুলো একের পর এক জোড়া দেয়ার পর বসবে রেললাইন ও বৈদ্যুতিক সংযোগ। 

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে বাংলাদেশের প্রথম মেট্রোরেল। ২০১৯ সালের ডিসেম্বরের আগেই আগারগাঁও পর্যন্ত কাজ শেষ হবে। এই ১২ কিলোমিটারে থাকবে ৯টি স্টেশন থাকবে বলে জানান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

মোট ৬টি ম্যাস রেপিড ট্রানজিট-এমআরটি লাইন হবে রাজধানীতে। এগুলোতে থাকবে আন্তঃযোগযোগ ব্যবস্থাও। প্রথম এমআরটি পুরোপুরি এলভিটেড হলেও অন্যগুলোর ক্ষেত্রে ঘনবসতি এলাকায় আন্ডারগ্রাউন্ড দিয়েও চলবে মেট্রোরেল।

প্রথমদফা আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হলে যাত্রী চাপ সামলাতেও থাকতে হবে বাড়তি পরিকল্পনা, এমনটি মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হক।

শীতাতপ নিয়ন্ত্রিত রেলের বগিতে রোগী, শিশু ও বয়স্কদের জন্য সিটের ব্যবস্থা থাকলেও বাকিদের দাঁড়িয়েই যাতায়াত করতে হবে।