২২ হাজার টন কোরবানির বর্জ্য জমেছিল ঢাকায়
রাজধানীতে কোরবানির পশুর মোট ২২ হাজার টন বর্জ্য জমেছিল জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তা অপসারণে সফল হওয়ার দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। কোরবানির ঈদের পরদিন রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সবার সহযোগিতায় রাজধানীর ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। রোববারও রাজধানীর যে সব স্থানে পশু কোরবানি হচ্ছে, সেসব স্থানের বর্জ্য দিনের মধ্যে অপসারণের ঘোষণা দেন তিনি। ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে বিদেশে হাসপাতালে ভর্তি থাকায় দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কাজের বিস্তারিত তুলে ধরেন সাঈদ খোকন।
তিনি বলেন, ঢাকা দক্ষিণে কোরবানির পশুর হাটের এবং কোরবানি করা পশুর ১৪ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশনের গাড়ির ৩ হাজার ট্রিপের মাধ্যমে তা সরানো হয়। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বর্জ্য জমেছিল ৮ হাজার ২৭০ টন; যা সরাতে ১ হাজার ৬৮৬টি ট্রিপের প্রয়োজন হয়। ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণে সফল হয়েছেন দাবি করে সাঈদ খোকন বলেন, 'আমরা বলেছিলাম ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করব। আমাদের সেই সক্ষমতা আছে।'
এবার ঈদের আগে সিটি করপোরেশন বলেছিল, এবার ঢাকায় প্রায় ৪ লাখ ৭৫ হাজার পশু কোরবানি হতে পারে। এসব পশুর বর্জ্য সরিয়ে নিতে দুই সিটি করপোরেশন এলাকায় প্রায় ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন।
যত্রতত্র কোরবানির পশু জবাইয়ের কারণে পরিবেশ দূষণ এড়াতে এবার দক্ষিণ সিটি করপোরেশনে ৬২৫টি এবং উত্তর সিটি করপোরেশনে ৫৪৯টি স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তবে বরাবরের মতই নগরজুড়ে রাস্তা ও অলিগলিতে পশু জবাইয়ের দৃশ্য দেখা গেছে।


