রাজধানীতে তিন ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি
ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘন্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। যা গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের প্রায় দ্বিগুণ। সোমবার দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সৈয়দপুরে ৩৮ মিলিমিটার। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করায় রাজধানীতে মঙ্গলবার (২২ আগস্ট) সারা দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর আরও জানায়, বৃষ্টির এ ধারা সারাদেশে নেই। দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে এ বৃষ্টি হচ্ছে।
এছাড়া ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরাত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গাপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
এ কারণে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আজ (মঙ্গলবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুর ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রাও ছিল রাঙ্গামাটিতে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।


