English Version
আপডেট : ১২ জুন, ২০১৬ ১৮:০০

নেতা তৈরিতে ছাত্র সংসদ নির্বাচন জরুরী

অনলাইন ডেস্ক
নেতা তৈরিতে ছাত্র সংসদ নির্বাচন জরুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় নেতা তৈরির পথও বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১২ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ছাত্রলীগের বর্ধিত সভা ও কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিগত ২৪ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয় না। যদি এ নির্বাচন হতো, তাহলে এ সময়ের মধ্যে ৪৮ জন নেতা তৈরি হতো। ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় সে পথ বন্ধ হয়ে গেছে।

ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘বন্ধ হয়ে যাওয়া এই প্রোডাকশনটা গণতন্ত্র চর্চা, নেতৃত্ব বিকাশ এবং ছাত্রনেতা থেকে জাতীয় নেতা সৃষ্টি হওয়ার জন্য চালু হওয়া উচিত।’

তিনি বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচন করতে গেলে একজন ছাত্রনেতা নিজেকে নিয়ে ভাবতে পারে যে তাকে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে হবে, তাই ভালো হতে হবে, নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। আর তাঁর বক্তব্যও হবে পরিশীলিত, যেটি সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য।’

ছাত্রনেতাদের বক্তৃতায় ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বক্তৃতায় ছাত্রনেতাদের জাতীয় রাজনীতি নিয়ে কথা বলার আগে অবশ্যই ছাত্র সমস্যা ও শিক্ষা সমস্যা নিয়ে কথা বলতে হবে। তাহলেই সাধারণ ছাত্রছাত্রীদের কাছে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যাবে।’

সংগঠনের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মান্নান এমপি, এনামুল হক শামীম প্রমুখ।