বাড়ির আঙ্গিনায় গাছ লাগালেই ১০% হল্ডিং চার্জ মওকুফ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, এই শহর আমাদের সবার। তাই এটি পরিষ্কার ও পারবিশ ঠিক রাখার দায়িত্বও আমাদের সবার। তাই পরিষ্কার পরিছন্ন রাখার পাশাপাশি বাসা বাড়ির আঙ্গিনায় গাছ লাগানো হলে হল্ডিং চার্জ ১০ শতাংশ মওকুফ।
সোমবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার সামনে বটতলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, আমাদের অঙ্গীকার’ এই স্লোগান নিয়ে এ পরিচ্ছনতা অভিযানের আয়োজন করে ঢাবি ছাত্রলীগ।
মেয়র বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে দায়িত্ব পালনে একদিনের জন্যও কার্পণ্য করিনি। আর আমাদের পরিচ্ছনতা অভিযানে সামগ্রিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে দক্ষিণ সিটি করপোরেশন। তার সাথে যোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তাই আমি ঢাবি ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞ। দক্ষিণ সিটি সব সময় তাদের পাশে থাকবে।
এসময় তিনি আবারও বাসা বাড়ির আঙ্গিনায় গাছ লাগানো হলে হল্ডিং চার্জ ১০ শতাংশ মওকুফ করার কথা জানান।
ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।


