English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ১৬:৫৪

সাভারে ছাদ ধসে আহত ২৫ শ্রমিক

অনলাইন ডেস্ক
সাভারে ছাদ ধসে আহত ২৫ শ্রমিক
সাভারের চামড়া শিল্প নগরীতে একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২৫ জন শ্রমিক আহত হয়েছেন। এ সময় শতাধিক শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল ১১টায় সাভারের হেমায়েতপুরের হরিণধরা ট্যানারির গুলশান ট্যানারিতে এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, হরিণধরা এলাকায় গুলশান ট্যানারিতে এক তলা ভবনে ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন প্রায় শতাধিক শ্রমিক। হঠাৎ করে ১০ হাজার ফুট ছাদের এক তৃতীয়াংশ একতলা ভবনের কিছু অংশের ছাদ ধসে শ্রমিকদের মাথার উপরে পড়ে। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে ছাদের নিচ থেকে গুরুতর অবস্থায় উদ্ধার হাসপাতালে ভর্তি করে। সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুজ্জামান জানান, বিম ও ছাদ একসঙ্গে ঢালাই দেয়ার কারণে এ ধসের ঘটনা ঘটতে পারে।
 
তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান,  নকশাবহির্ভূত নির্মাণ ত্রুটির কারণে ছাদটি ধসে পড়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার পর ওই ভবনের ঠিকাদার ও কয়েকজন কর্মকর্তা গা ঢাকা দিয়েছেন।