English Version
আপডেট : ২৪ মে, ২০১৬ ২০:৫৩

ঋণ জালিয়াতির মামলায় তিনজনকে যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
ঋণ জালিয়াতির মামলায় তিনজনকে যাবজ্জীবন
ঋণ জালিয়াতির অভিযোগে করা একটি মামলায় সোনালী ব্যাংকের সাবেক সহকারী ব্যবস্থাপক (এজিএম) সাইফুল হাসান (৫৪) ও হলমার্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত বাকি দুজন হলেন—হলমার্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল মামুন (৩১) ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম (৩৮)। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে অাটক পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক আখতারুজ্জামান এ রায় দেন। হলমার্কের ঋণ কেলেঙ্কারির তদন্তে নেমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে আরও পাঁচটি প্রতিষ্ঠান একই কায়দায় ঋণ জালিয়াতি করেছে বলে দুদকের অনুসন্ধানে উঠে আসে। প্যারাগন নিট কম্পোজিট লিমিটেড সেই পাঁচটি প্রতিষ্ঠানের একটি।  মামলার নথি অনুযায়ী, ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের ২ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৬১০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে এ টাকা আত্মসাৎ করেন। ২০১৩ সালের ২৮ মে দুদকের সহকারী পরিচালক নাজমুচ্ছাদাত বাদী হয়ে রমনা থানায় এ মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১১ জুন দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক মো. জয়নাল আবেদীন চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। চার আসামির মধ্যে সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম একেএম আজিজুর রহমান মারা গেছেন।