তিন কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে প্রতারক
রাজধানীর সাভারে জমা টাকার মোটা অঙ্কের মুনাফার প্রলোভন দেখিয়ে সহস্রাধিক গ্রাহকের সঞ্চিত প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে প্রতারক মো. মনির হোসেন (৪০)। প্রতারক মনির হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলায়।
সাভারের উলাইল বাজার এলাকার সূর্য উদয় বহুমুখী সমবায় সমিতির মহাব্যবস্থাপক মঙ্গলবার (১৭ মে) রাতে গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে যান। ঘটনাটি জানাজানির পর রাত থেকেই ভুক্তভোগী গ্রাহকরা সমিতির অফিসের সামনে অবস্থান নিয়েছেন।
ভুক্তভোগীরা জানায়, গত এক বছর পূর্বে সাভার উপজেলার উলাইল বাজার এলাকায় সূর্য উদয় বহুমুখী সমবায় সমিতির নামে একটি অফিস ভাড়া নেন স্থানীয় একটি গার্মেন্টসের কর্মকর্তা মো. মনির হোসেন। এরপর সংস্থাটির মহাব্যাবস্থাপক মনির হোসেন ১ লাখ টাকা জমা রাখলে এক বছর পরে দেড় লাখ টাকা এবং দুই লাখ রাখলে বছরে এক লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েছিল। আর এতেই বিশ্বাস করে লোকজন সমিতিতে টাকা জমা রাখতে শুরু করেন।
গত এক বছরে টাকা এই প্রলোভন দেখিয়ে গ্রাহকের নিকট থেকে প্রায় তিন কোটি টাকা জমা হাতিয়ে নিয়ে মঙ্গলবার রাতে অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায় প্রতারক মনির হোসেন।
খবর পেয়ে বুধবার সকালে ওই সমিতির সামনে জড়ো হতে থাকে ভুক্তভোগী গ্রাহকরা। তবে পালিয়ে যাওয়ার পর থেকে প্রতারক মনির হোসেনের মুঠোফোনটি বন্ধ রয়েছে।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল্যা বলেন, আমি খবরটি শুনেই পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।


