মায়ের ডিএনএর প্রভাবে দ্রুত বয়সের ছাপ
মায়ের কাছ থেকে পাওয়া এক ধরনেরই ডিএনএর প্রভাবে অনেকের চেহারায় দ্রুত বয়সের ছাপ পড়ে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।
মায়ের কাছ থেকে সন্তান যে ডিএনএগুলো পায় সেগুলোর মধ্যে একটি রিপোজিটরি ডিএনএ মায়ের দেহ থেকে সন্তানের দেহে বয়সের ছাপ বহন করে।
সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, তারা একটি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ (mtDNA) নির্ণয় করতে পেরেছেন, যার প্রভাবে বয়স বাড়লেও অনেকেই স্বাস্থ্যবান থাকেন অনেকে আবার এর প্রভাবে অকালেই বুড়িয়ে যান। এ বিষয়ে গবেষণাটি করেছেন মাদ্রিদের স্প্যানিশ ন্যাশনাল সেন্টার ফর কার্ডিওভাস্কুলার রিসার্চ (সিএনআইসি)-এর গবেষকরা।
তারা এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা যে প্রক্রিয়ায় বুড়িয়ে যাই তার পেছনের কারণটি উদঘাটন করা গেছে। জানা গেছে এটি কিভাবে শুরু হয় তার প্রক্রিয়া। এর আগের গবেষণায় নির্দিষ্ট কোনো ডিএনএর তথ্য পাওয়া যায়নি। তবে বর্তমানে গবেষকরা নির্দিষ্ট ডিএনএর সন্ধান পেয়েছেন।
গবেষকরা জানিয়েছেন, সন্তানের শরীরে বার্ধক্যের বিভিন্ন চিহ্ন কত দ্রুত দেখা দেবে, তা নির্ধারণে মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ, দ্রুত বুড়িয়ে যাওয়ার জন্য দায়ী একটি বিশেষ জিন কেবল মায়ের কাছ থেকেই সন্তানের শরীরে প্রবাহিত হয়ে জিনগত পরিবর্তন ঘটায়।
এ বিষয়ে আরো গবেষণা করেছেন স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এবং কোলনের ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট অব অ্যাজিংয়ের গবেষকরা। এ বিষয়ে প্রফেসর নিলস-গোরান লারসন বলেন, মায়ের কাছ থেকে পরবর্তী প্রজন্মে প্রবাহিত বিশেষ ডিএনএ বয়সের ছাপ পড়াকে ত্বরান্বিত করতে পারে।
দেহকোষের মাইটোকন্ড্রিয়ায় ডিএনএ যদি মায়ের কাছ থেকে আসে, তাহলেই দ্রুত বুড়িয়ে যাওয়ার ব্যাপারটি ঘটে। মানুষের দেহে বয়সের ছাপ পড়া বিলম্বিত করার উপায় বের করতে তাঁদের এ গবেষণা সহায়ক হতে পারে বলে মনে করছেন গবেষকরা।


