বৃটেনের রানীর জন্মদিনের কেক বানাবেন বাংলাদেশি নাদিয়া
ব্রিটিশ রাজ পরিবারের কোন অনুষ্ঠান মানেই এলাহিকাণ্ড। আর সেই পরিবারের বর্তমান প্রধান রানী এলিজাবেথের জন্মদিন হলে তো কথাই নেই। উৎসবে মেতে উঠে পুরো ব্রিটিশ সহ পৃথিবীর অনেক বড় বড় দেশ পর্যন্ত। কিন্তু সেই আয়োজনে বারবার উচ্চারিত হচ্ছে বাংলাদেশ। সম্প্রতি গ্রেট বৃটিশ বেক অফ জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হোসেন পেলেন বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিনের কেক বানানোর সুযোগ। তাই তো যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। লুজ উইমেন নামে একটি অনুষ্ঠানের প্যানেলে উপস্থিত হয়ে এ খবর জানান নাদিয়া। সঙ্গে সঙ্গে বিস্ময়ে অভিভূত হয়ে যান বাকি অতিথিদের সবাই। এ খবর দিয়েছে বৃটিশ দৈনিক দ্য মিরর।
অনুষ্ঠানে নাদিয়া স্বীকার করেন প্রায় ৩ সপ্তাহ ধরে এ গোপন খবর পেটে রেখেছিলেন তিনি। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি বলেন, ‘আমি রানীর নব্বইতম জন্মদিনের কেক বানাচ্ছি! আমার মাঝে মাঝে এ বিষয়টিকে চেপে রাখতে ইচ্ছে করে। কারণ, এ নিয়ে কথা বলতে চাই না আমি! রানীর জন্মদিনের কেক বানাচ্ছি, এ বিষয়টা এক বাক্যে বলে কতটুকুই বা মনের ভাব প্রকাশ করবেন?
নাদিয়া জানান, কয়েক সপ্তাহ আগে এ খবরটি জানতে পারেন। এ সময় তিনি এ সংক্রান্ত একটি ই-মেইল পান। এটি কৌতুক নয় নাদিয়া বুঝতে পারেন যখন তার এজেন্ট তাকে ফোন করে এ খবর নিশ্চিত করেন। তিনি স্বীকার করেন বিষয়টি নিয়ে বেশ নার্ভাস তিনি। তিনি ‘না’ বলতে পারতেন। কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করারই সিদ্ধান্ত নেন শেষমেশ। তার ভাষায়, আমি রানীকে ‘না’ বলতে পারি না।
জন্মদিনের কেক কেমন বানাবেন, তা নিয়ে পরিকল্পনা সেরে রেখেছেন তিনি। আর এ রহস্যও কিছুটা ফাঁস করা হয়ে গেছে। জানালেন, অতীতে রানীর জন্মদিনের কেক কেমন ছিল, তা ইন্টারনেট খুঁজে দেখেছেন। তার এখন একটাই ভয়, যে কেক এখন বানাচ্ছেন, তা যেন আগে কখনও বানিয়ে না থাকেন! বৃহস্পতিবারই ওই কেক রানীর হাতে তিনি নিজে গিয়ে তুলে দেবেন।
১২-১৫ই মে পর্যন্ত চলবে রানীর জন্মদিন উদ্যাপন। উইন্ডসর ক্যাসলের হোমপার্কে অনুষ্ঠেয় ওই অনুষ্ঠানে থাকবে ৯০০টি ঘোড়া ও ১৫০০ আমন্ত্রিত অতিথি। এদের মধ্যে রয়েছেন গায়ক, নৃত্যশিল্পী, অভিনেতা ও শিল্পী। ১৫ই মে’র শেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এ অনুষ্ঠান আইটিভি’তে সমপ্রচারিত হবে।


