English Version
আপডেট : ৭ জুলাই, ২০২১ ১৭:১৩

মোদির মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন পশ্চিমবঙ্গের চার নতুন মুখ

অনলাইন ডেস্ক
মোদির মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন পশ্চিমবঙ্গের চার নতুন মুখ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে জায়গা পাচ্ছেন চার নতুন মুখ। কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন নীশীথ প্রামাণিক, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর এবং জন বার্লা।

আজ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। তার বদলে বাংলা থেকে জায়গা পাচ্ছেন এই চার সাংসদ।

এ দিন সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল ঘোষণা হওয়ার কথা। সেখানেই জানা যাবে নতুন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা।বাংলা থেকে নতুন চার মুখকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই দেয়ার মধ্যেও বিজেপি-র রাজনৈতিক কৌশল স্পষ্ট। বাংলা দখলের স্বপ্ন ব্যর্থ হলেও ভোটের ফলেই স্পষ্ট, রাজ্যে এখনও উত্তরবঙ্গেই সবচেয়ে বেশি জনসমর্থন রয়েছে বিজেপি-র। উত্তরবঙ্গ থেকে দলের দুই সাংসদ নীশীথ প্রামাণিক এবং জন বার্লাকে মন্ত্রিসভায় জায়গা দেয়া হচ্ছে। 

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। যা নিয়ে তীব্র বিতর্ক হয়। তারপরেও তাকে মন্ত্রী করা হলো।

অন্যদিকে, মতুয়া সম্প্রদায়ের মন জয় এবং সমর্থন ধরে রাখতেই মন্ত্রী করা হলো বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে। কারণ এখনও সিএএ কার্যকর না হওয়ায় বিজেপি-র প্রতি মতুয়াদের সমর্থনে চিড় ধরছিল। বিধানসভা নির্বাচনে সেভাবে সফল না হলেও রাজ্যের পশ্চিমাঞ্চলে বিজেপি-র সংগঠন যথেষ্ট শক্তিশালী। সম্ভবত জঙ্গলমহলের কথা মাথায় রেখেই মন্ত্রিসভায় জায়গা দেয়া হল বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারকে।