English Version
আপডেট : ৫ জুলাই, ২০২১ ১২:০৩

বিশ্বে বাড়ছে করোনা সংক্রমণ, আগস্টে পরিস্থিতি আরো খারাপ হতে পারে

অনলাইন ডেস্ক
বিশ্বে বাড়ছে করোনা সংক্রমণ, আগস্টে পরিস্থিতি আরো খারাপ হতে পারে

বিশ্বব্যাপী আবারও বাড়ছে করোনার সংক্রমণ। সব মহাদেশেই পরিস্থিতি আবারও খারাপ হচ্ছে। ইউরোপে গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ১০ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, আগস্ট নাগাদ পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

সপ্তাহখানেক ধরে হঠাৎই করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট শঙ্কা বাড়াচ্ছে বিশ্বে। ভারতের এ ভ্যারিয়েন্ট এরইমধ্যে ছড়িয়েছে প্রায় শতাধিক দেশে। ইউরোপে এক সপ্তাহেই সংক্রমণ বেড়েছে ১০ ভাগ। গত কয়েকদিন ধরে রেকর্ড মৃত্যু দেখছে রাশিয়া। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, পর্তুগাল মতো ইউরোপীয় দেশগুলোতে ফের চোখ রাঙাচ্ছে করোনা। এমন অবস্থায় ইউরোপের দেশগুলোতে করোনার নতুন ঢেউয়ের সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

ডব্লিউএইচও'র ইউরোপীয় মহাসচিব হেন্স ক্লুগ বলেন, 'এখনও ইউরোপের লাখো মানুষ টিকা পায়নি। তবুও সামাজিক দূরত্বের কথা যেন ভুলতে বসেছি আমরা। গত সপ্তাহে ইউরোপের ৫৩ দেশেই মোট সংক্রমণ ১০ ভাগ বেড়েছে। আগস্ট নাগাদ পরিস্থিতি আরো খারাপ হবে।'এশিয়ার দেশগুলোর পরিস্থিতিও দ্রুত অবনতি হচ্ছে। এপ্রিল-মে জুড়ে ভারত করোনার যে ভয়াবহ রুপ দেখেছে, এখন অনেকটা সেই পরিস্থিতিতে আছে, দক্ষিণ-পূর্বের ইন্দোনেশিয়া। আক্রান্ত আর মৃত্যু তো বাড়ছেই; রয়েছে অক্সিজেনের তীব্র সংকট। আফ্রিকার অন্তত ২১ দেশে করোনার তৃতীয় ঢেউ চলছে। ইরান, ইরাকের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ফের শঙ্কা বাড়াচ্ছে করোনা।