English Version
আপডেট : ২৪ জুন, ২০২১ ১২:২০

ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনার দৈনিক সংক্রমণ

অনলাইন ডেস্ক
ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনার দৈনিক সংক্রমণ

সম্প্রতি নিম্নমুখী হতে শুরু করেছিল করোনায় বিধ্বস্ত দেশ ভারতের দৈনিক করোনার সংক্রমণ। কিন্তু গেল দুই দিনে আবার হঠাৎ বাড়তে শুরু করেছে দেশটিতে করোনার প্রকোপ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ মানুষ। যেখানে মঙ্গলবার সংক্রমণ ৫০ হাজারের নিচে নামলেও বুধ এবং বৃহস্পতিবার তা আবার ঊর্ধ্বমুখী।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। আর বুধবার আক্রান্ত হয়েছিলেন ৫০ হাজার ৮৪৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জন।

এদিকে সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যু ১৩০০-এর ঘরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৩২১ জন। এ নিয়ে ভারতে মোট প্রাণ হারালেন ৩ লাখ ৯১ হাজার ৯৮১ জন। মৃত্যুর দিক থেকে ভারতের প্রথম চারে রয়েছে মহারাষ্ট্র (৫০৮), তামিলনাড়ু (১৬৬), কেরালা (১৫০) এবং কর্নাটক (১২৩)। বাকি রাজ্যে মৃত্যু ৫০-এর আশপাশে বা নিচে।

দৈনিক সংক্রমণ বাড়লেও সক্রিয় রোগীর সংখ্যা কম হওয়ার ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১৬ হাজারেরও বেশি। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৬ লাখ ২৭ হাজার ৫৭ জন।

এদিকে করোনাভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হওয়া এক নারীর মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে। এই প্রজাতিতে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে সে রাজ্যে এটাই প্রথম মৃত্যু। মৃত নারী উজ্জয়িনীর বাসিন্দা। সেখানকার স্থানীয় প্রশাসনের পক্ষে বুধবার (২৩ জুন) এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।