English Version
আপডেট : ৫ জুন, ২০২১ ১৪:৫০

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী আচরণ করার অভিযোগ পুতিনের

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী আচরণ করার অভিযোগ পুতিনের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী আচরণ করার অভিযোগ এনেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের চালানোর তাণ্ডবের বিষয়ে বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকেই দ্বিমুখী আচরণ হিসেবে দেখছেন পুতিন। ওই তাণ্ডবের সময় আইনশঙ্খলাবাহিনীর একজন কর্মকর্তাসহ ৫ জন প্রাণ হারান।  

রুশ প্রেসিডেন্টের যুক্তি, বিশ্বে বিরোধীদের ওপর দমন নিপীড়নে বরাবরই উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। কিন্তু নিজ দেশেই মানুষের দাবিকে সহ্য করতে পারছে না তারা।

বিবিসির মতে, স্নায়ুযুদ্ধের পর এখন যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক সবচেয়ে তলানিতে। সম্প্রতি পুতিনের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। হয়তো সে সাক্ষাৎ শীঘ্রই হচ্ছে না, অন্তত পুতিনের এমন বক্তব্যে তারই ইঙ্গিত দিচ্ছে।রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি কোম্পানি সাইবার হামলা হয়েছে। এসব হামলা মস্কো থেকে করা হয়েছে এমন অভিযোগও রয়েছে। তবে এসব দাবি অস্বীকার করেছেন পুতিন।