English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৯ ১৪:০২
সূত্র:

ভারতে সহিংস বিক্ষোভের জন্য শুধু মুসলিমদের দায়ী করছেন মোদি

ভারতে সহিংস বিক্ষোভের জন্য শুধু মুসলিমদের দায়ী করছেন মোদি

ভারতে নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের জন্য পরোক্ষভাবে শুধু মুসলমানদের দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর বিবিসি বাংলার। রোববার ঝাড়খন্ডে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, আগুন যারা লাগাচ্ছে, তাদের পোশাক দেখলেই চেনা যায় তারা কারা? টেলিভিশনে যেসব ছবি আসছে সেসব কি আপনারা দেখেছেন? এর পেছনে কংগ্রেসের মতো বিরোধী দলগুলো উসকানি দিচ্ছে বলেও অভিযোগ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। তার এই মন্তব্যকে একটি বিশেষ ধর্মের মানুষের প্রতি সাম্প্রদায়িক আক্রমণ বলে মনে করছেন বিরোধীরা।

প্রসঙ্গত, গত কয়েক দিনে ভারতের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে লুঙ্গি ও টুপি পরা লোকজনকে লাঠিসোঁটা বা পাথর নিয়ে বিভিন্ন রেলস্টেশনে ভাঙচুর চালাতে দেখা গেছে। কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেন থেকে ভীত-সন্ত্রস্ত যাত্রীদের নামিয়ে দিয়ে এই ক্ষুব্ধ জনতা ট্রেনে হামলা চালাচ্ছে। এসব ভিডিও অনেক মূলধারার গণমাধ্যমেও প্রচারিত হয়েছে। এসব ভিডিও সত্যি নাকি বানানো যাচাই করতে পারেনি বিবিসি। ভারতের প্রধানমন্ত্রী মোদি এসব ভিডিওর কথাই উল্লেখ করেছেন। অনেকে এই ধরনের ভিডিও শেয়ার করে লিখেছেন, এদের ভারতের নাগরিক হওয়ার অধিকার আছে কিনা বিচার করে দেখুন!

দিল্লিতে বিরোধী নেতাদের এক যৌথ প্ল্যাটফর্ম থেকে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ সোমবার দাবি করেন, শুধু একটি বিশেষ ধর্মের মানুষ নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে না। তিনি বলেন, হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিস্টান একসঙ্গে এই আইনের প্রতিবাদ জানাচ্ছে। কারণ এটা আনা হয়েছে তাদের ইচ্ছার বিরুদ্ধে। বিজেপি এই প্রতিবাদকে সাম্প্রদায়িক চেহারা দিতে চাচ্ছে। কংগ্রেস, সিপিআইএম, সমাজবাদী পার্টি ও আরজেডির মতো অনেক বিরোধী দল এই প্ল্যাটফর্ম থেকে জানায়, তারা কোনও সহিংস প্রতিবাদে উসকানি দিচ্ছে না। মানুষ আইনটির বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানাচ্ছে।