৯টি গোপন জায়গায় পরমাণু অস্ত্র মজুদ করছে পাকিস্তান
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে ভারত-পাকিস্তানের উত্তেজনা এখন তুঙ্গে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর ইস্যুতে নানাবিধ পদক্ষেপ নিয়েছেন।
উদ্ভুত পরিস্থিতিতে যুদ্ধের জন্য মুখিয়ে রয়েছে ইসলামাবাদ এমন ইঙ্গিত দিয়ে দিলেন পাক রেল মন্ত্রী শেখ রশিদ। বুধবার রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে শেখ রসিদ বলেন, কাশ্মীরের পরিস্থিতি যুদ্ধের দিকে যেতে চলেছে। অক্টোবর-নভেম্বরেই যুদ্ধের আশঙ্কা রয়েছে।
রশিদ কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আঘাত এলে যুদ্ধ অবশ্যম্ভাবী। তবে তার সতর্কবার্তা এই যুদ্ধ শুধুমাত্র দুটো দেশের মধ্যে হবে না। দক্ষিণ-এশিয়ায় এর প্রভাব পড়বে। এমনকি ভূ-মানচিত্র পাল্টে যেতে পারে বলে হুঁশিয়ারি দেন পাকিস্তানের রেলমন্ত্রী।
এদিকে জি-৭ শীর্ষক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাক্ষাতের পরেও কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার সম্ভাবনা ভেস্তে গেছে। তারপরেই শক্তিধর রাষ্ট্রগুলোকে হুমকি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, পারমাণবিক যুদ্ধের ফলাফল হবে ভয়ানক। তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে। শক্তিধর রাষ্ট্রগুলোও রেহাই পাবে না।
ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, যদি এই দ্বন্দ্ব যুদ্ধের আকার নেয় তবে মনে রাখতে হবে, উভয় দেশই পারমাণবিক শক্তিধর। পারমাণবিক যুদ্ধে কারও জয় হবে না। বরং এটা পুরো বিশ্বে বিস্তার লাভ করবে। শক্তিধর রাষ্ট্রগুলোর যথেষ্ট দায়িত্ব রয়েছে…তারা আমাদের সমর্থন করুক বা না করুক, পাকিস্তান শেষ পর্যন্ত যাবে।


