English Version
আপডেট : ২ আগস্ট, ২০১৯ ১১:৪৮
সূত্র:

ব্যাংককের তিন স্থানে বিস্ফোরণ, আহত ২

ব্যাংককের তিন স্থানে বিস্ফোরণ, আহত ২

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কমপক্ষে তিনটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শুক্রবার সকালে হওয়া এসব বিস্ফোরণে কমপক্ষে দুইজন আহত হয়েছেন। তবে তাদের আঘাত তেমন গুরুতর নয়। এমন এক সময়ে ব্যাংককে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো যখন সেখানে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে শহরটিতে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও রাশিয়ার মত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

কে বা কারা এইসব বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার সকালে ব্যাংককের কমপক্ষে তিনটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদের মধ্যে একটি বিস্ফোরণ হয়েছে ব্যাংককের বিটিস চং নোনসি এলাকার সরকারি কমপ্লেক্সে। এছাড়া সেন্ট্রাল ব্যাংককের পৃথক স্থানে কমপক্ষে আরো দুটি বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এসব বিস্ফেরণের পিছনের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে একজন পুলিশ কর্মকর্তা জানান, ব্যাংককের ব্যস্ততম রামা ৯ সড়কের বিস্ফোরণে দুই পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন। এদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘরে তৈরি হাতবোমা থেকে সেখানে বিস্ফোরণ হয়েছিলো।

ব্যাংককে এক সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো যখন সেখানে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিরাপত্তা বিষয়ক বার্ষিক সম্মেলন চলছে। বুধবার থেকে শুরু হওয়া ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভারভ, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবি এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী উয়াং উই উপস্থিত রয়েছেন।