English Version
আপডেট : ৯ জুলাই, ২০১৯ ১১:১৪
সূত্র:

ইমরানের পদত্যাগ দাবি নওয়াজ কন্যার

ইমরানের পদত্যাগ দাবি নওয়াজ কন্যার

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। সোমবার গভীর রাতে ইমরানের পদত্যাগ দাবিতে পাঞ্জাব প্রদেশের মান্ডি বাহাউদ্দিন শহরে মিছিলও করেন তিনি।

বর্তমানে পাকিস্তানের প্রধান বিরোধী দল পিএমএল-এনের সহ সভাপতি তিনি। ওই মিছিলে ৪৫ বছরের মরিয়ম বর্তমান পাক প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে বলেন, অবিলম্বে পদত্যাগ করা উচিত ইমরানের।

মরিময়ের দাবি, এই গদিতে বসার বৈধ অধিকারই নেই পাক প্রধানমন্ত্রীর। জনসভায় ইমরানকে উদ্দেশ করেই মরিয়মকে বলতে শোনা যায়, ইস্তফা দিন আর বাড়ি চলে যান।

ইমরানের সমালোচনার পাশাপাশি মরিয়মের দাবি, খুব শিগগিরই জেল থেকে ছাড়া পেয়ে যাবেন তার বাবা। তারপরে তিনিই ফের পাক প্রধানমন্ত্রীর গদিতে বসবেন। মরিয়মের আরও দাবি, এবার অনেক বেশি জন সমর্থন নিয়ে ক্ষমতায় ফিরবে তাদের দল।

ইমরান খান আর তার সরকারের বিরুদ্ধে শনিবারই বড়সড় অভিযোগ এনেছিলেন শরিফ-কন্যা। এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দুর্নীতি মামলায় ফাঁসিয়ে নওয়াজ শরিফকে জেলে পাঠানো হয়েছে। গত বছর ডিসেম্বরে দুর্নীতি মামলায় নওয়াজ শরিফ দোষী সাব্যস্ত হন।

তাকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন আরশাদ মালিক নামের এক বিচারক। লাহৌরের কোট লাখপত জেলে বন্দি রয়েছেন নওয়াজ। তিনি খুবই অসুস্থ বলেও দাবি করেছেন মরিয়ম।

বিচারক আরশাদ উপরতলার চাপের কাছে নতিস্বীকার করে নওয়াজকে জেলে পাঠিয়েছেন বলে শনিবারের সাংবাদিক বৈঠকে দাবি করেন মরিয়ম।

নিজের দাবির সমর্থনে আরশাদ এবং নাসির বাট নামে পিএমএল-এন-এর এক সমর্থকের কথোপকথনের একটি ভিডিও ক্লিপিংও প্রকাশ করেছিলেন মরিয়ম যেখানে আরশাদকে বলতে শোনা গিয়েছে, চাপে পড়েই নওয়াজকে জেলে পাঠাতে বাধ্য হন তিনি।