English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:০১
সূত্র:

পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক

পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানকে সমর্থন দেয়ার কথা জানিয়েছে মুসলিম বিশ্বের প্রভাবশালী ও মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে দেশটির সমর্থনের কথা জানিয়েছেন।

রেডিও পাকিস্তানের বরাত দিয়ে দৈনিক ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লুর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির টেলিফোনে আলাপ হয়েছে। পাকিস্তানকে অকূণ্ঠ সমর্থন দেয়ার কথা জানানো হয়েছে তুরস্কের পক্ষ থেকে।

ডনের প্রতিবেদন অনুযায়ী, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু আরও বলেছেন, আবুধাবিতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশানের (ওআইসি) আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হলে তার বিরোধিতা করবে তুরস্ক।

এদিকে পাকিস্তানের হাতে ভারতীয় বিমান বাহিনীর এক পাইলট আটক হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো সেনা, বিমান ও নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতিতে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তিন বাহিনী প্রধানের এই বৈঠক এক ঘণ্টা ২০ মিনিট স্থায়ী হয়।