যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে ৮০ কোটি ডলার বিনিয়োগ ফক্সওয়াগনের
যুক্তরাষ্ট্রে একটি নিজস্ব কারখানায় বৈদ্যুতিক গাড়ি নির্মাণে ৮০ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে ফক্সওয়াগন। মঙ্গলবার ফোর্ড মোটর কোম্পানির সঙ্গে বৈশ্বিক অংশীদারিত্ব ঘোষণার আগে টেনেসি অঙ্গরাজ্যের চ্যাটানোগা কারখানায় বৈদ্যুতিক গাড়ি নির্মাণের এ ঘোষণা আসে। খবর রয়টার্স।
ডেট্রয়েটে চলমান এক আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনীতে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, তারা চ্যাটানোগা কারখানায় এক হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ২০২২ সাল নাগাদ বৈদ্যুতিক গাড়ি উৎপাদন শুরু করবে।
ফক্সওয়াগনের প্রধান নির্বাহী কর্মকর্তা হার্বার্ট ডিস জানান, যুক্তরাষ্ট্রে তারা বিলাসবহুল আউডি গাড়ি নির্মাণ করতে চান, কিন্তু সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই চাপ প্রয়োগ করছেন যেন জার্মান গাড়ি নির্মাতা কোম্পানিগুলো তার দেশে বিনিয়োগ বাড়ায়। গত ডিসেম্বরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ফক্সওয়াগনের সিইও ডিসসহ জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ ও ডাইমলারের নির্বাহীরা। তারা ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানান ইউরোপীয় গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর ওপর যেন শুল্ক আরোপের হুমকি কার্যকর করা না হয়।
ডেট্রয়েট গাড়ি প্রদর্শনীতে বৈদ্যুতিক গাড়িতে বড় অংকের বিনিয়োগ নিয়ে ডিস বলেন, আমরা যে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তার প্রমাণ হচ্ছে টেনেসিতে এ বিনিয়োগ।
এদিকে ফোর্ড ও ফক্সওয়াগন তাদের এ বৈশ্বিক অংশীদারিত্বের বিষয়টি নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে বলে এক বিবৃতি দিয়েছে।
ফোর্ড ও ফক্সওয়াগন, উভয় কোম্পানিই বৈদ্যুতিক ও চালকবিহীন গাড়ি নির্মাণে বড় অংকের বিনিয়োগ করছে। সংবাদ সম্মেলনে ডিস জানান, বৈদ্যুতিক গাড়ি নির্মাণে ফক্সওয়াগনের ৯ হাজার ১০০ কোটি ডলারের উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে। কিন্তু এর আকার বাড়াতে যেকোনো অংশীদারিত্বের দরজা খোলা রয়েছে কোম্পানিটির।
টেনেসির চ্যাটানোগা কারখানায় মডিউলার ইলেকট্রিক টুলকিট চেসিস (এমইবি) ব্যবহার করবে বলে জানিয়েছে ফক্সওয়াগন। জার্মানির ইসভিকাও কারখানায় প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করতে যাচ্ছে কোম্পানিটি। ২০১৯ সালের শেষ নাগাদ সেখানে এমইবি উৎপাদন শুরু হবে বলে জানা গেছে। চীনের অ্যানটিং ও ফোসান কারখানায় ২০২০ সাল নাগাদ এবং জার্মানির এমডেন ও হ্যানোভার শহরে ২০২২ সাল নাগাদ বৈদ্যুতিক গাড়ি উৎপাদন শুরু হচ্ছে বলে জানায় কোম্পানিটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত টেনেসি অঙ্গরাজ্যের গভর্নর বিল হ্যাসলাম বলেন, ‘আমরা মনে করি, আগামীতে বৈদ্যুতিক গাড়ি আরো অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে।’


