English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৮ ১১:৫৮
সূত্র:

লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল বিজেপি

লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল বিজেপি

জোড়াতালি দিয়েও আর লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারল না ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।

পাঁচ বছর আগে ২৮২ জন সাংসদ নিয়ে লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যাত্রা শুরু করেছিল নরেন্দ্র মোদির দলটি। কিন্তু সরকারের মেয়াদ ফুরোনোর আগেই তা নেমে এল ২৬৯-তে। যা কি না সংখ্যাগরিষ্ঠতার থেকে তিন আসন কম।

বৃহস্পতিবার লোকসভায় ছিল তিন তালাক বিল নিয়ে বিতর্ক। সেই আলোচনায় থাকার জন্য দলের সাংসদদের উদ্দেশে হুইপ জারি করেছিল বিজেপি। হুইপ জারি হলে সংসদীয় দল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত সাংসদদেরও হাজির থাকতে হয়।

কিন্তু তালাক বিলে ভোটাভুটির সময় দেখা যায়, বিজেপির ত্রিশ জনের মতো সাংসদ অনুপস্থিত। এনডিএর অন্য শরিকদের নিয়ে সব মিলিয়ে আড়াইশোর মতো সাংসদের সমর্থন পায় শাসক শিবির। ফলে জোড়া অস্বস্তির মুখে পড়ে বিজেপি।

কারণ, রাজ্যে বিধায়ক হওয়ার কারণে ওইদিনই বিজেপির দুই সাংসদ ইস্তফা দিয়েছিলেন লোকসভা থেকে। ফলে লোকসভায় বিজেপির সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯। এর মধ্যে স্পিকার সুমিত্রা মহাজনও রয়েছেন। আছেন জর্জ বেকার-সহ দু’জন মনোনীত সাংসদও।

৫৪৩ আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২-এর থেকে এই সংখ্যা কম।

একের পর রাজ্যে উপনির্বাচনে হারের পর বিজেপির সংখ্যা কমতে শুরুই করেছিল। কিন্তু স্পিকার, মনোনীতদের দিয়ে বিজেপি দেখানোর চেষ্টা করছিল, নিজেদের জোরে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

কিন্তু বিরোধীরাই এখন বলতে শুরু করেছে, গত লোকসভায় ২৮২ টি আসন নিয়ে এসেছিল বিজেপি। এনডিএর শরিক নিয়ে ৩১২। এখন বিজেপির সাংসদ কমে যেমন তারা সংখ্যালঘু, তেমনই শরিকরাও সঙ্গ ছাড়ছে। ফলে পরের ভোটে উড়ে যাবে বিজেপি।

সূত্র: আনন্দবাজার