ঘূর্ণিঝড় জেবির দাপটে বিপর্যস্ত জাপান, মৃত ৯, জখম শতাধিক
বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘জেবি’র দাপটে বিপর্যস্ত জাপান। উত্তর কোরিয়ার শব্দ ‘জেবি’। যার অর্থ গ্রাস। আক্ষরিক অর্থেই এখন সামুদ্রিক ঝড় জেবির গ্রাসে পশ্চিম জাপান। বুধবার রাত পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়েছে কয়েকশো মানুষ। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দেশের পর্যটন ব্যবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে দেশের একাধিক বিমানবন্দর।
মঙ্গলবার দুপুরে পশ্চিম জাপানের উপকূল এলাকায় সামুদ্রিক ঘূর্ণিঝড় জেবি ঘণ্টায় ২১৬ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। সঙ্গে প্রবল বৃষ্টি। বৃহস্পতিবার ঘূর্ণিঝড় থামলেও তার প্রভাব এখনও রয়েছে। ঝড় পরবর্তী অতিভারী বৃষ্টি, ধস এবং বন্যায় জেরবার জাপানবাসী। তার উপর দেশের একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। অবরুদ্ধ একাধিক বিমানবন্দর। তবে সবথেকে খারাপ অবস্থা কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর। সমুদ্রের মধ্যে কৃত্রিম দ্বীপ তৈরি করে বানানো হয়েছিল বিমানবন্দরটি। একটি সেতুর সঙ্গে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে কানসাই বিমানবন্দর। ঝড়ের সময় একটি বড় ট্যাঙ্কার সেতুর একটি অংশে ধাক্কা মারে। ফলে বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয় সেতুটির। বিমানবন্দরে আটকে পড়েন কমপক্ষে ৩ হাজার মানুষ। যাঁদের অধিকাংশই পর্যটক। কারণ, সেতুতে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি, প্রবল ঝড়বৃষ্টির জেরে বিমানবন্দরের রানওয়ে এবং বেসমেন্টের মারাত্মক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিছিন্ন হওয়ার পাশাপাশি যাবতীয় পরিষেবা ঝড়ে উড়ে গিয়েছে। বিদ্যুৎ না থাকায় বিমানবন্দরের এসি কাজ করছে না। ফলে প্রবল গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েন। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে বুধবার সকাল থেকে পদক্ষেপ নেয় প্রশাসন। আসরে নামে জাপান নৌসেনা।
দ্রুতগামী বোট বা নৌকার মাধ্যমে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা শুরু করেন তাঁরা। কানসাই বিমানবন্দর থেকে প্রতিদিন কমপক্ষে ৪০০টি উড়ান ওঠানামা করে। এখন কবে পরিস্থিতি স্বাভাবিক হবে বলতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর। শুধু কানসাই নয়। দেশের সমগ্র বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। ৮০০টির বেশি উড়ান বাতিল হয়েছে।
কয়েকটি আন্তর্জাতিক বিমান নাগোয়া এবং ওসাকায় ওঠানামা করলেও ডোমেস্টিক পরিষেবা সম্পূর্ণ বন্ধ। একইসঙ্গে লোকাল ট্রেন এবং বুলেট ট্রেন পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে দেশের তৈল্য শোধনাগারগুলিও। প্রধানমন্ত্রী শিনজো আবে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আবেদন করেছেন। একইসঙ্গে নিজের সরকারকে দ্রুত পরিস্থিতি মোকাবিলায় নামতে বলেছেন।


