এমিরেটসের ফ্লাইটে ক্রুসহ শতাধিক যাত্রী অসুস্থ
এমিরেটস এয়ারলইন্সের একটি বিমানের ভেতরে শতাধিক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। বিমানের ভেতর এতো সংখ্যক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অবতরণের পর তাদের কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার যাত্রাপথে বিমানের ভেতরে যাত্রীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন। অবতরণের আগেই পাইলট জানিয়েছেন যে, বেশকিছু যাত্রী কাশছেন এবং তাদের গায়ের তাপমাত্রাও খুব বেশি। বিমানটির ভেতরে তখন ৫২১ জন যাত্রী ছিল। এদিকে, অবতরণের সাথে সাথে বিভিন্ন জরুরি বিভাগের গাড়ি রানওয়েতে জড়ো হতে শুরু করে। এমন ঘটনার পর বিমানবন্দরে সাময়িকভাবে আলাদা করে রাখা হয়েছে বিমানটিকে।
সিডিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ক্রুসহ বিমানের ১০০ জনের মত যাত্রী জ্বর ও কাশিতে অসুস্থ হয়ে পড়ার কথা বলতে থাকেন। আমাদের জনস্বাস্থ্য কর্মকর্তারা সবকিছু খতিয়ে দেখছেন। অসুস্থ যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখার পর তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিমানের সকল যাত্রীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সিডিসি জানিয়েছে, ১১জন যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি যাত্রীদের মধ্যে যাদের সামান্য সমস্যা ছিলো তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
বিমানের ভেতরে একসাথে এতোজন যাত্রীর অসুস্থ হয়ে পড়ার ঘটনা খুব একটা শোনা যায় না। এই ঘটনার জন্যে ফুড পয়জনিয়ংকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।
তবে নিউইয়র্কের মেয়রের মুখপাত্র বলেছেন, কয়েকজন যাত্রী আসছিলেন সৌদি আরবের মক্কা শহর থেকে। সেখানে ফ্লুর সংক্রমণ ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। এটিও একটি সম্ভাব্য কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


