English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮ ১৪:১৩

খরচ কমাতে হেলিকপ্টারে অফিসে যাচ্ছেন ইমরান খান!

অনলাইন ডেস্ক
খরচ কমাতে হেলিকপ্টারে অফিসে যাচ্ছেন ইমরান খান!

দেশের অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় সব ধরনের রাষ্ট্রীয় খরচ কমানোর ঘোষণা দিয়েছেন সদ্য ক্ষমতায় বসা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এ উদ্দেশে দায়িত্ব গ্রহণের পরপরই দেশটির একমাত্র বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক ও পিটিআই পার্টির চেয়ারম্যান ইমরান খান রাষ্ট্রীয় তহবিল থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দলীয় নেতা ও সরকারি কর্মকর্তাদের প্রথম শ্রেণির বিমান ভ্রমণ ব্যয় নিষিদ্ধ ঘোষণা করেন।

এছাড়া প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রাসাদসম বাসভবন ব্যবহার না করে ওই বাসভবনে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের জন্য ছোট যে একটি অংশ রয়েছে সেখানে থাকার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি নিরাপত্তার জন্য বিশাল ইউনিট কমিয়ে আনাসহ প্রধানমন্ত্রী হিসেবে মাত্র দুটি গাড়ি ব্যবহার এবং দু’জন গৃহকর্মী রাখবেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক এই ক্রিকেট তারকা।

এবার খরচ বাঁচানোর নামে প্রতিদিন গাড়ির বদলে হেলিকপ্টারে অফিস যাচ্ছেন ইমরান খান! এ নিয়ে দেশটির সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা শুরু হয়েছে।

এরই প্রেক্ষিতে পাক তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরী এবং পিটিআই নেতা আলি মহম্মদ খান দাবি করেছেন, বানি গালায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সচিবালয়ের দূরত্ব ১৫ কিলোমিটার। এই পথ পাড়ি দিতে সড়ক পথের চেয়ে হেলিকপ্টার যাত্রা অনেক সস্তার। সময় লাগে মাত্র ৩ মিনিট।