English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮ ১২:২২

নেপালে ফের বিমান বিধ্বস্ত, নিহত ২

অনলাইন ডেস্ক
নেপালে ফের বিমান বিধ্বস্ত, নিহত ২

নেপালে ফের বিমান বিধ্বস্ত হয়েছে।  বুধবার হুমলার বাহুন খারকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বিমানটির পাইলট ও কো পাইলট নিহত হয়েছেন।

নেপালের বেসামরিক বিমান কর্তৃপক্ষের উপ-মহাপরিচালক রাজন পোখারেল জানান, বিধ্বস্ত পণ্যবাহী বিমানটি মাকালু এয়ারের। বিমানটি ১২ হাজার ৮০০ ফুট উপর দিয়ে উড়ছিল। এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি হুমলা জেলার সিমিকোটে যাওয়ার উদ্দেশে সুরখেত থেকে উড্ডয়ন করেছিল।

কাঠমান্ডু পোস্ট বলছে, সুরখেত থেকে পণ্যবাহী ওই বিমান স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ১২ মিনিটে যাত্রা শুরু করে। সকাল ৬টা ৫৫ মিনিটে সিমিকোটে অবতরণের কথা ছিল বিমানটির। পণ্যবাহী এই বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় স্থানীয় সময় সকাল ১১টার পরে।

হুমলা জেলা প্রধান মাধব প্রসাদ দুংগানা এএফপিকে বলেন, ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি গতিপথ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাইলট ও কো-পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়। ইউএস-বাংলার এ বিমান দুর্ঘটনায় ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত ও ২০ জন আহত হয়।