English Version
আপডেট : ৬ আগস্ট, ২০১৮ ১১:৩৫

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮২

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮২

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বালি দ্বীপের কাছে লমবোক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক লোক।

রিখটার স্কেলে রোববারের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এরপর সুনামি সর্তকতাও জারি করা হয়। এর এক সপ্তাহ আগে দ্বীপটিতে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। 

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি শুরু করে। ভূমিকম্পের পর আরও দু’টি পরাঘাত লোকজনকে রীতিমত আতঙ্কিত করে তোলে।

উদ্ধারকর্মীরা সংবাদমাধ্যমকে জানান, ভূমিকম্পে পর্যটন দ্বীপটির বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ।

এক সপ্তাহ আগে একই অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ও দেড় শতাধিক মানুষ আহত হন। সেসময় পাহাড়ধস হয়ে দ্বীপটির বিভিন্ন এলাকায় কয়েকশ’ পর্যটক দীর্ঘ সময় আটকাও পড়েছিলেন, যদিও পরে তাদের উদ্ধার করা হয়।