টেক্সাসের স্কুলে ফের গুলি, নিহত অন্তত ৮
টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন বলে জানা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। এদের মধ্যে নয়জন শিক্ষার্থী ও একজন শিক্ষক। হামলাকারী ১৭ বছর বয়সী কিশোর।
সান্তা ইফ হাই স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছেন, কিশোর হামলাকারী ডিমিট্রিওস প্যাগোরিটজ তাদের আর্টের শ্রেণিকক্ষে প্রবেশ করে প্রথমে এক নারী শিক্ষার্থীকে গুলি করে। এসময় অন্যরা পালাতে দৌড় দিলে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
এতে এক পুলিশ সদস্য আহত হওয়ার খবরও জানা গেছে। এ ঘটনায় ১০ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীকে আটকের খবরও জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে তাকে জেলে রাখা হয়েছে। প্রাথমিকভাবে হামলার কারণ জানা যায়নি। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
চলতি বছর যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত অন্তত একশ’ গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ওয়েবসাইট ‘গান ভায়োলেন্স আর্কাইভ’। গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডায় একটি স্কুলে শিক্ষার্থীদের উপর বন্দুকধারীর নির্বিচার গুলির ঘটনায় ১৭ শিক্ষার্থী নিহত হন।
এদিকে ঘটনার পর হোয়াইট হাউসের ইস্ট রুমে বক্তব্য দেওয়ার শুরুতে ট্রাম্প বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমাকে টেক্সাসের সান্তা ফে স্কুলে প্রাণঘাতি গোলাগুলির ঘটনায় শোক প্রকাশ করে শুরু করতে হচ্ছে। এটা আমাদের দেশে খুব বেশি ঘটে যাচ্ছে। অনেক বছর ধরে। অনেক দশক ধরে এখন পর্যন্ত চলছে। তিনি জানান, স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ফেডারেল কর্মকর্তারা এই ঘটনার তদন্তে কাজ করছেন।


