English Version
আপডেট : ১৪ মে, ২০১৮ ১০:৩১

ভারতে ঝড় ও বজ্রপাতে নিহত ৪৩

অনলাইন ডেস্ক
ভারতে ঝড় ও বজ্রপাতে নিহত ৪৩

ভারতের ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতে অন্তত ৪৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার ভারতের কয়েকটি রাজ্যে ঝড়ে তাদের মৃত্যু হয়। খবর বিবিসি ও এনডিটিভির।

এর মধ্যে উত্তর প্রদেশে ১৮ জন, অন্ধ্র প্রদেশে আট জন, তেলেঙ্গানায় তিন জন নিহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এছাড়া পশ্চিমবঙ্গে নয় জন এবং দিল্লিতে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ‘আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ভারতের উত্তর পশ্চিমে ঝড় এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে।’

ঝড় ও বজ্রপাতে ৪৩ জন নিহতের ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘দেশের কিছু এলাকায় ঝড়ে প্রাণহানির যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা গভীর শোকাহত। কর্মকর্তা নির্দেশ দেয়া হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সবরকমের সহায়তা যেন করা হয়।’

ঝড়ের কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এক ঘন্টারও বেশি সময় বন্ধ রাখা হয়। ওই সময় ৭০টিরও বেশি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয় বলে জানিয়েছিলেন বিমানবন্দরের এক কর্মকর্তা।