English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৮ ১১:৫৯

মুসলিম-বিরোধী ব্রিটেন ফার্স্টের অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক

অনলাইন ডেস্ক
মুসলিম-বিরোধী ব্রিটেন ফার্স্টের অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যুক্তরাজ্যের একটি মুসলিম-বিরোধী দলের সবগুলো ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।

'ব্রিটেন ফার্স্ট' নামের এই দলটির বিরুদ্ধে ফেসবুক ব্যবহারের নীতিমালা একাধিকবার ভঙ্গের অভিযোগ উঠেছে।

চলতি মাসের গোড়াতে ধর্মীয়ভাবে জুলুম করার অভিযোগে ব্রিটেন ফার্স্ট-এর প্রধান পল গোল্ডিং এবং জেডা ফ্রান্সেনকে কারাদণ্ড দেয়া হয়।

এই দলের ফেসবুক পেজকে ২০ লাখেরও বেশি মানুষ লাইক দিয়েছেন।

এই প্রসঙ্গে ফেসবুক বলছে, এই দলের পাতাগুলো অপসারণের সিদ্ধান্ত নেয়ার কারণ তাদের পক্ষ থেকে সর্বশেষ যে হুশিয়ারি জানানো হয়েছিল, দলটির নেতারা সেটা উপেক্ষা করেছেন।

কর্মকর্তারা বলছেন, এখন ব্রিটেন ফার্স্টের নেতারা স্বনামে বা বেনামে নতুন করে কোনো পেজও চালু করতে পারবেন না।

ওই সংগঠনের ফেসবুক পাতায় যেসব ছবি এবং ভিডিও রয়েছে সেগুলো মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে উৎসাহিত করে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তেরেসা মে দেশের সংসদে ফেসবুকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

অন্য প্রযুক্তি কোম্পানিগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে বলে তিনি আশা করেন।

লন্ডনের মেয়র সাদিক খানও বলেছেন, ব্রিটেন ফার্স্ট একটি নীচ এবং বিদ্বেষপূর্ণ সংগঠন।