মুসলিমদের এক হাতে কোরান, অন্য হাতে কম্পিউটার: মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মুসলিম তরুণদের এক হাতে কুরআন থাকুক, অন্য হাতে কম্পিউটার। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হয়ে উঠার প্রয়োজনে এটা গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে ‘ইসলামিক হেরিটেজ : প্রোমোটিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডারেশন’ নামে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। মোদী বলেন,সব ধর্মই মানবিক মূল্যবোধকে তুলে ধরে এবং ছড়িয়ে দেয়।কোনো ধর্মই হিংসাকে, সন্ত্রাসকে সমর্থন করে না।
ভারতের সুপ্রাচীন, সমৃদ্ধ ঐতিহ্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ভারতের মূল শক্তিই হলো তার বহুত্ববাদী ঐতিহ্য এবং ভারতীয় সমাজের বহু-বৈচিত্র্য। কেননা বৈচিত্যের মধ্যেই নিহিত রয়েছে ভারতীয়দের ঐক্যের বীজমন্ত্র। উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ের শক্তিও এই বহুত্ববাদী ঐতিহ্যের মধ্যেই নিহিত রয়েছে। তাই উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বিশেষ কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্ত মুসলিম যুবসমাজকে ইসলামের মানবিক দিকগুলো বুঝতে হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিতেও তাদের দক্ষ হয়ে উঠতে হবে।
তিনি বলেন, ‘সব ধর্মেই মনুষ্যত্বকে গুরুত্ব দেয়া হয়। ভারতীয় সংবিধানেও বহুত্ববাদকে স্বীকৃতি দেয়া হয়েছে।’
অনুষ্ঠানে জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহও বক্তব্য রাখেন। তিনি ধর্ম সম্পর্কে নিজের সুগভীর অভিমত তুলে ধরে বলেন, ধর্মের নামে কারো ওপর কোনো আঘাত করা মানে ধর্মকেই আঘাত করা। যারা ধর্মের নাম নিয়ে হিংসা ছড়ায়, তাদেরকে চিহ্নিত এবং প্রত্যাখ্যান করতে হবে। ধর্মীয় বিশ্বাস আমাদেরকে হিংসা শেখায় না, বরং হিংসার বিরুদ্ধে বিকাশের ও সমৃদ্ধির পথে চালিত করে।


