English Version
আপডেট : ৮ অক্টোবর, ২০১৭ ২১:১৭

রোহিঙ্গাদের নিয়ে যা বললেন বলিউড তারকা আমির খান

অনলাইন ডেস্ক
রোহিঙ্গাদের নিয়ে যা বললেন বলিউড তারকা আমির খান

রোহিঙ্গাদের নিপীড়নে দুঃখ প্রকাশ করেছেন মুম্বাই চলচ্চিত্রের সুপারস্টার আমির খান। ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি বলেছেন, মিয়ানমারে যা ঘটছে তাতে আমার বুক ভেঙে গিয়েছে। বিশ্বের যে কোন জায়গায় মানুষ যখন নির্যাতনের শিকার হন, যে কোন জায়গায় এই ধরনের ট্র্যাজিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন মানুষকে যেতে হয়, তা দেখে হৃদয় মুচড়ে ওঠে।

নানা সময়ে নানা দেশে এই ধরনের ঘটনা ঘটে থাকে এমন মন্তব্য করে তিনি বলেন, আমি আশা করবো এবং প্রার্থনা করবো মানুষ হিসেবে আমরা যেন এর অবসান দেখতে পাই।

তুর্কি সরকারের এক বিশেষ আমন্ত্রণে আমির খান এখন ইস্তাম্বুল এবং আংকারা সফর করছেন। এই সফরে তিনি তুর্কী প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানের সাথেও দেখা করেছেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসা শুরু করে। পরবর্তীতে বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দেয়। এখন পর্যন্ত কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানা গেছে।