English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৭ ১১:৫১

ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি মারা গেছেন। রোববার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তেহরানের শোহাদা হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

১৯৮০-এর দশক থেকে ইরানের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে ভূমিকা রাখেন রাফসানজানি। ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন তিনি।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবে বিশেষ অবদান রাখেন রাফসানজানি। তবে পরে কট্টরপন্থি রক্ষণশীলদের সমালোচনাকারীতে পরিণত হন তিনি।

রাফসানজানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 

জানা গেছে, রোববার হৃদরোগে আক্রান্ত হলে তাকে তেহরানের শোহাদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রায় এক ঘণ্টা তাকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু তারা ব্যর্থ হন।

বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। মৃত্যুর খবর ঘোষণার কিছু সময় আগে হাসপাতালে ছুটে যান রুহানি। এক টুইটে প্রেসিডেন্ট রুহানি বলেছেন, ‘বিপ্লবের মহান ব্যক্তিত্ব, ধৈর্য্য ও প্রতিরোধের প্রতীক স্বর্গে গমন করেছেন।’

রুহানির একনিষ্ট সমর্থক ছিলেন রাফসানজানি। ২০১৩  সালে সংস্কারপন্থি এই নেতা প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলে ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর গার্ডিয়ান কাউন্সিল তাতে বাধা দেন। পরে প্রেসিডেন্ট পদে প্রার্থী হন রুহানি।

১৯৩৪ সালে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন রাফসানজানি। ইরাকের সঙ্গে ইরানের যুদ্ধের (১৯৮০-৮৮) শেষ বছরে রাফসানজানিকে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন খোমেনি। তার একান্ত প্রচেষ্টায় জাতিসংঘের মাধ্যমে ইরাক-ইরান যুদ্ধ শেষ হয়।

২০০৫ সালে তৃতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচন করেন রাফসানজানি। তবে মাহমুদ আহমাদিনেজাদের কাছে হেরে যান।