English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৬ ১২:৪০

অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হাই

অনলাইন ডেস্ক
অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হাই

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই অভিশংসিত হতে পারেন। আজ শুক্রবার এনিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক কেলেঙ্কারিতে নাম আসার পর পরই পার্কের বিরুদ্ধে রাস্তায় নামে দক্ষিণ কোরিয়ার জনগণ।

পার্কের ক্ষমতাকে ব্যবহার করে তাঁর বিশ্বস্ত সহযোগী চয় সুন-সিল বিভিন্ন বিষয়ে প্রভাব খাটিয়েছেন এবং অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ ওঠেছে। দুর্নীতিতে পার্কের ‘উল্লেখযোগ্য’ ভূমিকা আছে বলে আদালতে বলেছেন আইনজীবীরা। যদিও পার্ক এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এসব অভিযোগের জেরে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পার্ক জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না।বিষয়টি তিনি পার্লামেন্টের হাতে ছেড়ে দিয়েছেন। দেশটির বার্তা সংস্থা ইয়োনহ্যাপের সংবাদ অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে পার্কের অভিশংসনের বিষয়টি উত্থাপিত হয়। শুক্রবার ভোটে পার্কের সরে যাওয়ার পক্ষে রায় দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

কোরিয়ান পার্লামেন্টে কমপক্ষে দুই-তৃতীয়াংশ ভোট পড়লেই পার্ককে অভিশংসন সম্ভব হতে পারে। এটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।