English Version
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৬ ২৩:২৫

‘তিন তালাক’ অসাংবিধানিক ভারতীয় হাইকোর্টের রায়

অনলাইন ডেস্ক
‘তিন তালাক’ অসাংবিধানিক ভারতীয় হাইকোর্টের রায়

মুসলিম নারীদের অধিকার খর্ব করে ‘তিন তালাক’ প্রথাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে ভারতের ইলাহাবাদ হাইকোর্ট।  বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এই রায়ের পর্যালোচনায় হাইকোর্ট জানিয়েছে কোনও পার্সোনাল ‘ল’ বোর্ডই সংবিধানের উর্ধ্বে নয়।

মুসলিমদের বিবাহ বিচ্ছেদের এই পদ্ধতি নিয়ে বিতর্ক বহু দিনের। এত দিন পর্যন্ত বিবাহ-বিচ্ছেদ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির মামলার জন্য মুসলিমরা আলাদা আদালতে যেতেন। কিন্তু তিন তালাক কোরান-বিরোধী বলে দাবি করে ‘ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন’ নামে এক সংগঠন। 

এ বিষয়ে দীর্ঘ দিন ধরে তারা আন্দোলন চালিয়ে আসছে। সম্প্রতি তিন তালাক নিষিদ্ধ করা নিয়ে একটি আবেদন পত্রে সই করেন প্রায় ৫০ হাজার মুসলিম। যাঁদের মধ্যে মহিলা ও পুরুষ উভয়ই রয়েছেন। এ নিয়ে আদালতে একাধিক আবেদনও জমা পড়ে। তিন তালাক প্রথা বন্ধের দাবিতে মুসলিম মহিলাদেরই একটি অংশ সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছেন।

কয়েক দিন আগেই ‘তিন তালাক’ প্রথাকে অসাংবিধানিক ও সভ্যতাবিরোধী বলেছিল কেন্দ্র। ন্যায়বিচার, সকলের মর্যাদা আর সমতার স্বার্থে ‘নারী-পুরুষের বিভাজনরেখা’টা যত তাড়াতাড়ি সম্ভব মুছে দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। এরপরেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয়েছিল মোদী সরকারকে।সূত্র:আনন্দবাজার