English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৬ ১১:৩৮

থাইল্যান্ডে আবার বোমা বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
থাইল্যান্ডে আবার বোমা বিস্ফোরণ

থাইল্যান্ডে মঙ্গলবার রাতে আবারো বোমার বিস্ফোরণ ঘটেছে। দেশটির দক্ষিণের উপকূলীয় শহর পাত্তানিতে একটি হোটেলের সামনে এ জোড়ো বোমার বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও অন্ততপক্ষে ৩০ জন আহত হন। থাই পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল উইনইউ তিয়ামরাজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রথম বিস্ফোরণটি ঘটেছে পাত্তানির সাউদার্ন হোটেলের গাড়ি রাখার জায়গার পেছনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

তিনি আরো জানান, দ্বিতীয় বোমা হামলাটি হোটেলের প্রবেশমুখে একটি ট্রাকে ঘটানো হয়। এতে একজন নিহত ও ৩০ জন আহত হন। এখনো পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

গত ১২ আগস্ট থাইল্যান্ডের পর্যটন শহর হুয়া হিন এবং ফুকেটে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে থাই জান্তা সরকারের দাবি, দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেই এ হামলা চালানো হয়েছে।