English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৬ ১৭:৫০

বন্যা পরিস্থিতি উন্নয়নে ফারাক্কা বাঁধ খুলে দিচ্ছে ভারত

নিজস্ব প্রতিবেদক
বন্যা পরিস্থিতি উন্নয়নে ফারাক্কা বাঁধ খুলে দিচ্ছে ভারত

ভারতের বিহার রাজ্যে গত এক সপ্তাহে ১০ লাখের বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। বন্যা পরিস্থিতি উন্নতির জন্য দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ রাজ্যে ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেয়ার নির্দেশ দিয়েছে।

 

কর্মকর্তারা বলছেন, পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে পানি ছেড়ে দিলে বিহার রাজ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ফারাক্কায় ১০৪টি গেট আছে। এ গেটগুলো খুলে দিলে ১১ লাখ কিউসেক পানি সরে গিয়ে বিহারের বন্যা পরিস্থিতির উন্নতি হবে।

 

এদিকে, বাংলাদেশের বন্যা পূর্বাভাস কেন্দ্র এবং যৌথ নদী কমিশনের কর্মকর্তারা বলছেন, বছরের এ সময়টিকে ফারাক্কায় গেটগুলো খোলা থাকার কথা। নতুন করে গেট খুলে দেয়ার কিছু নেই।

 

তারা বলছেন, সাধারণত শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য এ গেটগুলো তৈরি করেছে ভারত। কিন্তু এখন নদীতে পানি প্রবাহ এমনিতেই বেশি থাকায় গেটগুলো বন্ধ থাকার কথা নয়। বাংলাদেশে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ১১ লাখ কিউসেক পানির প্রবাহ যদি বাংলাদেশের ভেতরে আসে তাহলে বাংলাদেশ অংশে পদ্মায় পানি বাড়বে কিন্তু বন্যা পরিস্থিতির তৈরি হবে না।

 

যেহেতু এখন ব্রহ্মপুত্র-যমুনায় পানি কমছে সেজন্য পদ্মার পানি বাড়লেও সেটি কোন বন্যা পরিস্থিতির তৈরি করবে না বলে মনে করেন কর্মকর্তারা।