English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:২৮

নেপালে আবারও বিমান বিধ্বস্ত!

অনলাইন ডেস্ক
নেপালে আবারও বিমান বিধ্বস্ত!

 

দু:সময় যেন কাটতে চাইছে না নেপালবাসীর। বিমান দূর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর দুইদিন পর দেশটির পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় আবারও ১১ আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আরোহীদের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা পাদামলাল লামিচেনি জানিয়েছেন, কাসথামানদাপ এয়ারলাইন্সের একটি বিমান শুক্রবার উড্ডয়নের পরপরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি লক্ষ করেন পাইলট। পরে জরুরিভাবে একটি কৃষি ক্ষেতে অবতরণের চেষ্টা করা হয়। সে সময় এটি একটি পাহাড়ের কাছে বিধ্বস্ত হয়।  

ওই এলাকাটি শহর থেকে অনেক ভেতরে অবস্থিত। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ, সেনাবাহিনী এবং উদ্ধারকারীদের পাঠানো হয়েছে। এ ছাড়া উদ্ধারকাজের জন্য কাঠমান্ডু থেকে একটি হেলিকপ্টারও পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

এই ঘটনার মাত্র দুই দিন আগে অর্থাৎ বুধবার ২৩ জন আরোহী নিয়ে একটি ছোট বিমান নেপালের কেন্দ্রীয় এলাকায় নিখোঁজ হয়েছিল। পরে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। ওই বিমানের ২৩ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন।