আইভরি কোস্টে তিন সেনা কর্মকর্তার আজীবন কারাদণ্ড
আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট রবার্ট গুইকে হত্যার দায়ে দেশটির সামরিক বাহিনীর তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে আজীবন কারাবাসের দণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার একটি সামরিক ট্রাইবুনাল এ রায় ঘোষণা করে। রায়ে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের মাধ্যমে তিন সপ্তাহ ধরে চলা হত্যা মামলাটির বিচার কাজ শেষ হল।
১৯৯৯ সালে আইভরি কোস্টে এক সামরিক অভ্যুত্থানের পর গুইকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করা হয়। কিন্তু এক বছর পর অনুষ্ঠিত নির্বাচনে তিনি লর্যাঁ বাগবোর কাছে পরাজিত হন। ক্ষমতা ছাড়ার দুই বছর পর ২০০২ সালের একদিন বাণিজ্যিক রাজধানী আবিদজানের একটি রাস্তার পাশে গুইয়ের বুলেটে ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এ সময় দেশটিতে আরেকটি অভ্যুত্থান প্রচেষ্টা চলছিল।
শাস্তি পাওয়া ওই তিন শীর্ষ সামরিক কর্মকর্তা সাবেক প্রেসিডেন্ট বাগবোর ঘনিষ্ঠ ছিলেন। এরা হলেন রিপাবলিকান গার্ডের কমান্ডার ডোগবো ব্লি, জ্যানডাম ক্যাপ্টেন আনসেলমি সেকা ইয়াপো এবং আরেক কর্মকর্তা সেরি দালেবা। এছাড়া ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরো অন্তত পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী।
এক দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক হানাহানি চলার পর আইভরি কোস্ট এখন একটি মীমাংসা প্রক্রিয়ার ভিতর দিয়ে অতীতের বিবাদ মিটিয়ে ফেলার চেষ্টা করছে।


