English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৬ ১৬:১৩

ন্যাটোর কাছে 'অ্যাওয়াক্স' সিস্টেম চাইল আমেরিকা

অনলাইন ডেস্ক
ন্যাটোর কাছে 'অ্যাওয়াক্স' সিস্টেম চাইল আমেরিকা

ন্যাটোর মহাসচিব জেনস স্টোলেনবার্গ বলেছেন, সিরিয়া যুদ্ধে এয়ারবর্ন ওয়ার্নিং এন্ড কন্ট্রোল সিস্টেম বা 'অ্যাওয়াক্স' বিমান দিয়ে সহায়তার জন্য তার সংস্থার কাছে অনুরোধ জানিয়েছে আমেরিকা। তিনি জানিয়েছেন, সিরিয়া এবং ইরাকে দায়েশ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে 'অ্যাওয়াক্স' ব্যবহারের মার্কিন অনুরোধ খতিয়ে দেখছে ন্যাটো। নানাভাবে সহযোগিতা দেয়ার বিষয়ে চিন্তা-ভাবনা চলছে বলে উল্লেখ করে তিনি। ন্যাটোর মহাসচিব বলেন, এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয় নি। আজ (শুক্রবার) ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে মার্কিন অনুরোধটি বিবেচেনা করা হবে বলেও আভাস দেন স্টোলেনবার্গ।

অবশ্য আমেরিকার এ অনুরোধ রাশিয়ার ক্ষোভ আরো বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণকে কোনোভাবেই মেনে নিচ্ছে না রাশিয়া। দেশটি দামেস্কের অনুরোধে সাড়া দিয়ে বর্তমানে সিরিয়ায় দায়েশ বিরোধী লড়াইয়ে জড়িত রয়েছে।

ন্যাটো সরাসরি সিরিয়া যুদ্ধে জড়িত নয়। তবে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সসহ এ জোটের কয়েকটি সদস্য দেশ সিরিয়ার মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় অংশ নিচ্ছে। সিরিয়া সরকারের মতামত না নিয়ে বা জাতিসংঘের অনুমতির তোয়াক্কা না করে ২০১৪ সাল থেকে ইরাক এবং সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট।