দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু বেড়েছে
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও প্রায় ৪ হাজার করোনায় শনাক্ত হয়েছেন। এর আগে, মঙ্গলবার (১৫ জুন) ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৫০ জনের এবং শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫০ জন। একদিনে করোনা শনাক্তের হার ১৩.৪১। ফলে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,২৮২ জনে এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জনে পৌঁছেছে।
বুধবার (১৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ১৮৫জন আর ৬ লাখ ১৫ হাজার ৭১৭ জন মারা গেছেন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ২৬১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭৯ হাজার ৬০১ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার ৮৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৯১ হাজার ১৬৪ জনের।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


