English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৬ ১৭:০৯

এইচআইভি সংক্রমণ রোধে কনডম

অনলাইন ডেস্ক
এইচআইভি সংক্রমণ রোধে কনডম

অনেকেরই কনডম ব্যবহারে থাকে অনীহা। অ্যালার্জিও হয় ল্যাটেক্সে। অাবার বহুক্ষেত্রে ফেটেও যায় কনডম। এই সব কিছুর জেরে একদিকে যেমন বাড়ে অবাঞ্ছিত গর্ভধারণের আশঙ্কা, তেমনই বাড়ে এইডস এর মতো ভয়ানক যৌন রোগের সম্ভাবনাও।

এ সমস্যার সমাধান করতে এগিয়ে এলেন বিজ্ঞানীরা। তারা এখন এমন এক কনডম তৈরি করার পথে যেটি এক সঙ্গে এই সব সমস্যার সমাধান করতে সক্ষম বলে দাবি।

টেক্সাস এ অ্যান্ড এম হেলথ সায়েন্সের গবেষকরা এখন ব্যস্ত সেই হাইড্রোজেল কনডম তৈরির কাজে। হাইড্রোজেলের মূল উপাদান পানি। কনটাক্ট লেন্স তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই জেল।

টেক্সাস এ অ্যান্ড এম হেলথ সায়েন্সের অ্যাসিসট্যান্ট প্রফেসর মহুয়া চৌধুরী জানিয়েছেন, এই কনডম একদিকে যেমন যৌনতৃপ্তি বাড়াবে অন্যদিকে আটকাবে এইচআইভি ভাইরাসের সংক্রমণ। সঙ্গমের সময় কনডম ফেটে গেলে এর মধ্যে থাকা বিশেষ অ্যান্টি-অক্সিড্যান্টের এইচআইভি ভাইরাসকে মেরে ফেলার ক্ষমতা রয়েছে।

হু-র তথ্য বলছে, এই মুহূর্তে পৃথিবীতে অন্তত ৩ কোটি ৭০ লক্ষ মানুষ শরীরে এইচআইভি ভাইরাস বহন করছেন। সম্প্রতি ২০ লক্ষ নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। অসুরক্ষিত যৌনজীবন এই মারণ রোগ ছড়ানোর মূল কারণ। এইডসের মোকাবিলার রাস্তা অনুসন্ধান এখন সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানের অন্যতম চিন্তার কারণ। হাইড্রোজেল কনডম বাজারে চলে এলে এই রোগ মোকাবিলার পথ অনেকটাই মসৃণ হবে বলে বিজ্ঞানীদের দৃঢ় বিশ্বাস।