মাংসপেশির ক্ষয়রোধে কাঁচা টমেটো
অনলাইন ডেস্ক
কাঁচা টমেটো খেতে বললেই শুরু হয় নানা ধরনের অজুহাত! কিন্তু বিজ্ঞানীরা বললেন, ‘অজুহাতে যাবেন না, মাংসপেশির ক্ষয়রোধ বা মাসল এট্রোপির চিকিৎসায় কাঁচা টমেটোর যে জুড়ি নেই।’
যুক্তরাষ্ট্রের আইওয়া ইউনিভার্সিটির একদল গবেষক কাঁচা টমেটোয় এমন একটি রাসায়নিক যৌগের সন্ধান পেয়েছেন, যা মাংসপেশির ক্ষয়রোধ করে। তারা ক্লিনিক্যাল টেস্টে প্রাথমিক সফলতা পেয়েছেন।’
বিজ্ঞানীরা এক সময় টমাটিডাইন নামের এ রাসায়নিক যৌগটির সন্ধান পান আপেলের বিচিতে। এখন তারা কাঁচা টমেটোর মধ্যে এ যৌগটির সন্ধান পেয়েছেন। তারা প্রমাণ পেয়েছেন, এ রাসায়নিক যৌগ শুধু মাংসপেশি মজবুতই করে না, এটা পেশির ক্ষয়রোধেও কার্যকর ভূমিকা রাখে।
বয়স বেড়ে গেলে অথবা নানা ধরনের অসুখ-বিসুখ আর আঘাতের কারণে মাংসপেশিতে ক্ষয় ধরে। এ সময় মানুষ বেশ শারীরিক দুর্বলতা অনুভব করে। দৈহিক তৎপরতায় ভারসাম্য থাকে না। হাড়ে ঘন ঘন ফ্র্যাকচার দেখা দেয়। নানা ধরনের দৈহিক সমস্যায় আক্রান্ত হয় মানুষ।
আইওয়া বিশ্ববিদ্যালয়ের কারভার কলেজ অব মেডিসিন ফ্যাকাল্টির ইন্টারনাল মেডিসিন অ্যান্ড মলিকুলার ফিজিওলজি অ্যান্ড বায়োফিজিক্স বিভাগের অধ্যাপক ক্রিস্টোফার এডামস বলেন, ‘মাংসপেশির ক্ষয়রোধ কার্যকরভাবে ঠেকিয়ে দেয়ার ওষুধ এ মুহূর্তে আমাদের হাতে বলতে গেলে নেই।
কিন্তু কাঁচা টমেটোর মধ্যে আমরা যে মলিকুল কমপাউন্ড পেয়েছি, তা মাংসপেশির ক্ষয়রোধ চিকিৎসায় ব্যবহƒত হতে পারে। শুধু তা-ই নয়, দৈহিক স্থূলতা কমিয়ে আনতেও এই কম্পাউন্ড কাজে লাগবে।’
টমাটিডাইন নামের যৌগটি কাঁচা টমেটোয় পাওয়া যায়। অধ্যাপক ক্রিস্টোফার এডামস বলেন, ‘কাঁচা টমেটো খাওয়া নিরাপদ। কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে পারিনি, ঠিক কয়টি কাঁচা টমেটো খাওয়ার পর মানবদেহে টমাটিডাইন নামের যৌগটি জন্ম নেবে। আমরা এখনও এটা নিশ্চিত হতে পারিনি, মানবদেহের জন্য কতটুকু টমাটিডাইন জরুরি। তবে এটা জানতে বেশি বেগ পেতে হবে না।’


