সবসময় সালাদ খাওয়া কি ভাল? কখন খাবেন, কখন খাবেন না
খাদ্যতালিকায় সালাদ একটি স্বাস্থ্যকর এবং উপকারী উপাদান বলেই সবাই জানি। কিন্তু সবসময় কি সালাদ খাওয়া ভাল? আধুনিক বিজ্ঞান বলছে মোটেই না। বরং সালাদ নিয়ে অনেকের অনেক ভুল ধারনা থাকে।আসুন দেখে নিই কখন সালাদ খাওয়া উচিত্ না।
সবার আগে জানা দরকার, খিদে না পেলেও খাওয়া উচিত। সব সময়ে খিদের জন্য অপেক্ষা করা উচিত নয়। অনেকেই বলে থাকেন খিদে পায়নি তাই খাইনি। এটা খুবই ভুল সিদ্ধান্ত। কারণ, খিদে না পেলেও কিছু সময় পরে পরে কিছু খেয়ে নিলে শরীরের মেটাবলিজিম ঠিকভাবে কাজ করে। যার ফলে মোটা হওয়ার সম্ভাবনা কমে। আর বেশি খেলেই কেউ মোটা হয় না। কম খেলেও হয়। আর এই খাওয়াটা কখনওই শুধু সালাদ নয়। কারণ, খালি পেটে সালাদ কিংবা ফল কখনই উপকারী নয়। বরং অনেক ক্ষতিই করে।
খাবারের সঙ্গে সালাদ খাওয়া দরকারি। কিন্তু এটা সব সময় ঠিক নয়। খুব তেল-মশলা জাতীয় খাবারের সঙ্গে সালাদ খাওয়া একেবারেই উচিত নয়। কারণ, সালাদের সঙ্গে অনেক সময় মিষ্টি জাতীয় কিছু মেশানো হয় যা শরীরের পক্ষে খারাপ। আবার সব খাবারের সঙ্গে সব রকম সালাদ খাওয়া যায় না।
সাধারণত মাংস জাতীয় খাবারের সঙ্গে সালাদ খাওয়া হয়। কিন্তু সেটাও মোটেই ঠিক নয়। সব রেসিপির সঙ্গে সব সালাদ চলে না। সেটা জেনে তবেই খাওয়া উচিত।
রেস্তোঁরায় সালাদ নৈব নৈব চ। কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই এই সালাদ দীর্ঘ সময় কেটে রাখা হয়। আর তা ক্ষতিকারক হয়ে ওঠে। বাড়িতে টাটকা সালাদ খাওয়া ভাল। এবং কোনও খাবারের সঙ্গে নয়, সালাদকেই আলাদা খাবার হিসেবে খাওয়া সবচেয়ে ভাল।


