English Version
আপডেট : ১ মার্চ, ২০২০ ১৪:১২
সূত্র:

এবার সালমান শাহকে নিয়ে যা বললেন মৌসুমী

এবার সালমান শাহকে নিয়ে যা বললেন মৌসুমী

সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে তদন্তকারী সংস্থা পিবিআই। এই প্রতিবেদনে সালমান শাহ’র মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে অন্তরঙ্গতার কারণে স্ত্রী সামিরার সঙ্গে দ্বন্দ্ব হয় সালমানের। এর জেরে বিষণ্ণতায় আত্মহত্যার পথ বেছে নেন তিনি। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন প্রকাশ করার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সালমান শাহ’র পরিবার। চিত্রনায়িকা শাবনূর বলেছেন– তাকে ফাঁসানোর ষড়যন্ত্র হচ্ছে। আর সালমানের সাবেক স্ত্রী সামিরা এই প্রতিবেদনে সঠিক তথ্য উঠে এসেছে বলে মনে করছেন। তবে সালমানের রহস্যজনক মৃত্যু নিয়ে এবার মুখ খুলেছেন তার প্রথম নায়িকা মৌসুমী। এ নায়িকার সঙ্গে কেয়ামত থেকে কেয়ামত ছবি করার মধ্য দিয়েই চলচ্চিত্রে সালমানের ক্যারিয়ার শুরু হয়েছিল।

চিত্রনায়িকা মৌসুমী অবশ্য পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বলেন, ‘এসব নিয়ে কথা বলে আর লাভ নেই। আমরা তো আর সালমানকে ফিরে পাব না। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। শুধু বলব– সালমান আমাদের হৃদয়ে ছিলেন এবং থাকবেন। আমরা সালমানকে এত দ্রুত হারাতে চাইনি। সে আমার ভালো বন্ধু ছিল। তার অকালে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। এতদিন পর এ নিয়ে ঘাঁটাঘাঁটি করে কি কোনো ফল আসবে?’ মৌসুমী বলেন, ‘পিবিআইয়ের প্রতিবেদনে আরেকজন অভিনয় শিল্পীকে নিয়েও অনেক কথা বলা হচ্ছে, সেটি নিয়েও কিছু বলতে চাই না।’ উল্লেখ্য, ১৯৯২ সালের ২০ ডিসেম্বর সালমান শাহর সঙ্গে সামিরা হকের বিয়ে হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসা থেকে সালমান শাহর লাশ উদ্ধার করা হয়।