English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০২০ ১৭:৪৩

মালয়েশিয়াতে উড়াল দিলেন মনির খান,পপি-সালমা

অনলাইন ডেস্ক
মালয়েশিয়াতে উড়াল দিলেন মনির খান,পপি-সালমা

দেশের পাশাপাশি প্রবাসেও রয়েছে তারকাদের ভক্ত। মালয়েশিয়ায় চাইনিজ ইয়ারের লম্বা ছুটিতে প্রবাসী ভক্তদের আনন্দ দিতে এবার মিডিয়া রিফ্লেকশন ও টিউলিপ এন্টারটেইনমেন্টের ব্যানারে যৌথ উদ্যেগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশি কনসার্ট ও মিট দ্যা এনআরবি’।

আজ শনিবার (২৫ জানুয়ারী) প্রবেশ সময় দুপুর ২টায় জহুর বারুর পারসাদা জোহর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এবং সোমবার (২৭ জানুয়ারী) প্রবেশ সময় বিকাল ৫টায় কুয়ালালামপুরের টুইন টাওয়ার সংলগ্ন উইসমা এমসিএ হলে বাংলাদেশি কনসার্ট ও মিট দ্য এনআরবি-তে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, চিত্র নায়িকা সাদিকা পারভিন পপি,  ক্লোজআপ তারকা সালমাসহ একঝাঁক তারকা।

এছাড়া পারফর্ম করবেন শিল্পী ফকির শাহাবুদ্দিন, চিত্রনায়িকা বিন্দিয়া, নাট্য শিল্পী ও মডেল নাজিয়া মৌ, ক্ষুদে গানরাজ খ্যাত শিল্পী শেনিজ ও উপস্ রূম্পা।

এই কনসার্টটি ঘিরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠনটি ঘিরে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। কনসার্টে ব্যবহার করা হচ্ছে সর্বাধুনিক ডিজিটাল সাউন্ডসিস্টেম। থাকছে লেজার লাইটিং। কুয়ালালামপুর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে কনসার্টের দৃষ্টিনন্দন পোস্টার ও ব্যানার।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের মধ্যে মনির খান, পপি ও সালমা এখনও তুমুল জনপ্রিয়। বাকী শিল্পীরাও প্রবাসীদের কাছে সুপরিচিত। যার কারণে এরই মধ্যে কনসার্টের বেশীরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

এই অনুষ্ঠানে অংশ নিতে গত ২৩ জানুয়ারি সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ জানুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে।

কনসার্টের টিকিট মুল্য ৫০ রিঙ্গিত থেকে ১০০ রিঙ্গিত। ভিআইপিদের জন্য অন রিক্যুয়েস্টে টিকিটের ব্যবস্থা রয়েছে। টিকিট খানিকটা উচ্চ মূল্যের হলেও প্রবাসীরা প্রিয় শিল্পীদের নাচ ও গান সামনে থেকে উপভোগের জন্য অগ্রীম টিকিট কিনতে ভিড় করছে বিভিন্ন বিক্রয়কেন্দ্রে।